জাকাত নিয়ে বিএনপি নেত্রীর অবমাননাকর বক্তব্য: এবার প্রতিবাদ জানালো হেফাজত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬ । ৯:২২ অপরাহ্ণ

বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির জাকাত সম্পর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, জাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজে সাম্য, সহমর্মিতা এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আল্লাহর নির্ধারিত একটি পবিত্র বিধান। এই ইবাদতকে ঘিরে কোনো ধরনের কটূক্তি বা বিদ্রূপ গ্রহণযোগ্য নয়। এমন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কখনোই ধর্মীয় বিশ্বাস ও ইবাদতকে অবমাননা করার সুযোগ দেয় না। এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে।

বিবৃতিতে মহাসচিব উল্লেখ করেন, জাকাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে সম্মানজনক ভাষা ব্যবহার করা সবার দায়িত্ব। সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়িত্বশীল আচরণের পরিচয় দিয়ে তার বক্তব্য প্রত্যাহার করা এবং মুসলমানদের কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করার আহ্বান জানান তিনি।

তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে সংযম, শ্রদ্ধা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি, যাতে সমাজে সম্প্রীতি ও শান্তি অটুট থাকে এবং অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি না হয়।

এর আগে শনিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও খতমে নবুওয়তও একই বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানায়।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন