বালিয়াকান্দি উপজেলা-এর তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে সিঁড়ি ছাড়াই দ্বিতল একাডেমিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ফলে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের ওপরের তলা দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে। এতে বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট তীব্র আকার ধারণ করেছে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চার ধাপে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে ভবনের দ্বিতীয় তলার কাজ শেষ হলেও সেখানে ওঠানামার জন্য কোনো সিঁড়ি নির্মাণ করা হয়নি।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, নিচতলার সীমিত কয়েকটি কক্ষে গাদাগাদি করে পাঠদান চলছে। কোথাও কোথাও একই কক্ষ বাঁশের চাটাই দিয়ে ভাগ করে একাধিক শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। অন্যদিকে সিঁড়ি না থাকায় ভবনের ওপরের তলা সম্পূর্ণ অচল হয়ে পড়ে আছে। এছাড়া ভবনের কিছু অবকাঠামোগত কাজও এখনো অসম্পূর্ণ রয়েছে।
বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী চৈত্র রায় ও অষ্টম শ্রেণির সবুজ মণ্ডল জানায়, নতুন ভবনের কক্ষগুলো ব্যবহার করতে না পারায় তাদের অনেক কষ্টে ক্লাস করতে হচ্ছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় পাঠদানে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে বরাদ্দ নেওয়া হলেও কাজ সঠিকভাবে সম্পন্ন না করায় সরকারি অর্থের অপচয় হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু রায় বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলীর গাফিলতির কারণে সিঁড়ি ছাড়াই ভবন নির্মাণ করা হয়েছে। প্রায় চার বছর ধরে ভবনের দ্বিতীয় তলা ব্যবহারহীন অবস্থায় পড়ে আছে। বিভিন্ন দফতরে সিঁড়ি নির্মাণের আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, অর্থ সংকটের কারণে সিঁড়ির কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬ । ১০:৫৩ পূর্বাহ্ণ