শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়ন ও বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলসহ তিন দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।
সোমবার (১১ মে) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়নে তিন দফা দাবি তুলে ধরা হয়। সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য ইসলামিক স্টাডিজ এবং বাংলাদেশ স্টাডিজ কোর্স বাধ্যতামূলক করার সাম্প্রতিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে ভর্তির ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৫০% কোটা নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে এনালগ পদ্ধতির কারণে ভর্তি প্রক্রিয়ায় জটিলতা, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে শিক্ষার্থীদের মূল ও সাময়িক সনদ, ট্রান্সক্রিপ্ট এবং সেমিস্টার/বার্ষিক নম্বরপত্র উত্তোলনসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পূর্ণ ডিজিটালাইজড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “নন-ক্রেডিট কোর্স হিসেবে ‘ইসলামিক স্টাডিজ’ এমনভাবে রাখা হয়েছে, যাতে সকল শিক্ষার্থী এটি পড়তে পারে। কোর্সটি এমনভাবে ডিজাইন করা হবে, যা ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাকেও অন্তর্ভুক্ত করবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করবে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অমুসলিম শিক্ষার্থীরাও যেন কোর্সটি সহজে সম্পন্ন করতে পারে, সেদিকটিও বিবেচনায় রাখা হবে।”
তিনি আরও বলেন, “বিভিন্ন কোটাপদ্ধতি বাতিলের বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবারের ভর্তি কার্যক্রমে ‘ওয়ান স্টপ পেমেন্ট সিস্টেম’ চালু করা হয়েছে।”

ইবি প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২৬ । ৭:২০ অপরাহ্ণ