সিলেটে ৪ বছরের শিশুকে নির্যাতনের পর হত্যায় গ্রেপ্তার চাচা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬ । ১২:৪৫ অপরাহ্ণ

সিলেট সদর উপজেলায় চার বছরের শিশু ফাহিমা আক্তার হত্যার ঘটনায় জাকির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া জাকির নিহত শিশুর প্রতিবেশী এবং সম্পর্কে তার চাচা বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নানা প্রলোভন দেখিয়ে ফাহিমাকে নিজের বাড়িতে ডেকে নেয় জাকির। অভিযোগ রয়েছে, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে শিশুটি মারা গেলে মরদেহ গোপনের চেষ্টা করে অভিযুক্ত। পরে তার স্ত্রীর ওড়না দিয়ে মরদেহ পেঁচিয়ে একটি ব্যাগে ভরে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেওয়া হয়।

গত শুক্রবার ওই ডোবা থেকে নিখোঁজ ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জাকির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সোমবার রাতেই নগরীর জালালাবাদ থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একপর্যায়ে মধ্যরাতে উত্তেজিত জনতা জাকিরের বাড়িতে হামলা চালায় বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, মরদেহ উদ্ধারের পর নিহত শিশুর মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকিরকে আটক করা হয়েছে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন