বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তদারকিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মোরশেদ আলমসহ একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক শাকের মাঝি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্ডারডেইল এলাকার কবির আহমদের ছেলে। এলাকায় তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য ও শীর্ষ মানবপাচারকারী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আন্দামান দ্বীপপুঞ্জগামী নৌকাডুবির ঘটনায় মানবপাচারের অন্যতম মূল হোতা হিসেবে শাকের মাঝির নাম এলাকায় ব্যাপকভাবে আলোচিত। বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে নানা সময় প্রচার-প্রচারণা হয়েছে।
টেকনাফ থানায় তার বিরুদ্ধে মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ । ৮:৩৫ পূর্বাহ্ণ