রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতার অভিযোগকে কেন্দ্র করে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে কলেজ প্রশাসন। একই ঘটনায় এক বহিরাগতসহ মোট পাঁচজনকে পুলিশের কাছে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দণ্ড ভোগ শেষে তারা ইতোমধ্যে মুক্ত হয়েছেন।
অভিযুক্ত চার শিক্ষার্থী হলেন বিএএএমএস (আয়ুর্বেদিক) ৩৩ ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, ৩৪ ব্যাচের মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি এবং বিইউএমএস (ইউনানী) ৩৫ ব্যাচের শাহরিয়ার পলক। তাদের মধ্যে আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
কলেজ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে কলেজ মসজিদের পাশের একটি গলি থেকে শাহরিয়ার পলককে এক বহিরাগতের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি আরও কয়েকজনের নাম উল্লেখ করেন। এর ভিত্তিতে আরিয়ান রাব্বি, নয়ন ও আহসানুল ইসলামকেও আটক করা হয়। পরবর্তীতে কলেজ প্রশাসন তাদের কাফরুল থানায় হস্তান্তর করে।
ঘটনার পরদিন ২৩ এপ্রিল জরুরি একাডেমিক কাউন্সিল সভায় অভিযুক্তদের ছাত্রাবাসের সিট সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। হোস্টেল সুপার ও আবাসিক চিকিৎসক ডা. মো. মকছেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “সমকামিতায় আসক্ত থাকার সন্দেহে” তাদের থানায় সোপর্দ এবং আবাসিক সুবিধা বাতিল করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক দাবি করেন, অভিযুক্তদের মোবাইল ফোন ঘেঁটে বেশ কিছু উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। তার ভাষ্য অনুযায়ী, তারা প্রায় ৪০টির মতো সমকামী গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদেরও এ ধরনের কর্মকাণ্ডে প্রলুব্ধ করার অভিযোগ রয়েছে।
ওই শিক্ষক আরও দাবি করেন, আরিয়ান শাহ রাব্বির ডেস্ক থেকে যৌনচর্চায় ব্যবহৃত কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। পাশাপাশি হোস্টেলের কয়েকজন শিক্ষার্থীর অর্ধনগ্ন ছবি গোপনে তুলে বিভিন্ন অনলাইন গ্রুপে শেয়ার করার তথ্যও পাওয়া গেছে বলে জানান তিনি।
আরও একটি গুরুতর অভিযোগ তুলে ওই শিক্ষক বলেন, আটক শিক্ষার্থীদের একজন এইডসে আক্রান্ত এবং একই ধরনের অভিযোগে পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়ে পরে এই কলেজে ভর্তি হয়েছিলেন। জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন শিক্ষার্থীর নাম উঠে এসেছে বলেও দাবি করা হয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ১৫ দিনের সাজা ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের আবাসিক সিট বাতিল করা হলেও শিক্ষার্থীদের ছাত্রত্ব আপাতত বহাল থাকবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ । ১১:৫৩ পূর্বাহ্ণ