ওমানে গাড়ির ভেতর মিলল চার প্রবাসী ভাইয়ের মরদেহ, দেশে ছিল ভাইয়ের বিয়ের প্রস্তুতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ । ১২:১০ অপরাহ্ণ

ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশে থাকা এক ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে বের হওয়ার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

স্থানীয়দের বরাতে জানা যায়, চার ভাইয়ের মধ্যে দুজনের শিগগিরই দেশে ফেরার কথা ছিল। পরিবারের আরেক ভাইয়ের বিয়ে উপলক্ষে কেনাকাটা করতেই তারা একসঙ্গে বের হন। এরপর মঙ্গলবার (১২ মে) রাতে ওমানের মুলাদ্দা এলাকায় তাদের ব্যবহৃত গাড়ির ভেতরে অচেতন অবস্থায় পাওয়া যায়।

বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে যায় ওমান পুলিশ। পরে গাড়ি থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব জানান, ওমানে অবস্থানরত একই এলাকার বাসিন্দা বাবুর মাধ্যমে তারা এ ঘটনার খবর পান। বাবুর বরাতে তিনি বলেন, কেনাকাটার উদ্দেশ্যে বের হওয়ার পর মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে চার ভাইকে অচেতন অবস্থায় দেখা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি চালু রেখে ঘুমানোর সময় গ্যাস লিকেজ বা বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত করছে ওমান পুলিশ।

ইয়াকুব আরও জানান, নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করতে বাবু স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। বর্তমানে মরদেহগুলো রুস্তাক থানার হেফাজতে রয়েছে। পরে সেগুলো মাস্কাটে নেওয়া হবে বলে জানা গেছে।

এই ঘটনায় নিহতদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে রাঙ্গুনিয়ার বান্দারাজার পাড়া এলাকা।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন