লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিস্তা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজপুর বাজার এলাকার রেজাউল করিম মাস্টারের বড় ছেলে সিফাউল করিম সিফাত (১৮) ও ছোট ছেলে সোহায়েব করিম স্বচ্ছ (১৩)। তারা দুজনেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সিফাত একাদশ শ্রেণি এবং স্বচ্ছ নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ছুটির দিন হওয়ায় দুই ভাই তিস্তার চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে গোসল করার জন্য তারা নদীর তীরে থাকা একটি ডিঙি নৌকায় ওঠে। এ সময় নৌকার দোলায় ছোট ভাই স্বচ্ছ হঠাৎ পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই সিফাত দ্রুত নদীতে ঝাঁপ দেয়। কিন্তু নদীর নিচে থাকা গভীর গর্তে তলিয়ে গিয়ে দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে তিস্তার তীর সংরক্ষণে জিও ব্যাগ ভরার কাজে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই স্থান থেকে বালু উত্তোলন করেছিল। এতে নদীর তলদেশে বড় ধরনের গভীর গর্তের সৃষ্টি হয়। সেই গর্তেই ডুবে যায় দুই ভাই।
উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মো. রুবেল ইসলাম বলেন, নদীর বাঁধ রক্ষার কাজের জন্য এখানে বালু তোলা হয়েছিল। এতে প্রায় ১৫ থেকে ১৬ ফুট গভীর গর্ত তৈরি হয়। আমি পানিতে নেমে দেখি, ছোট ভাইয়ের হাত শক্ত করে ধরে আছে বড় ভাই। ধারণা করছি, ছোট ভাই পড়ে যাওয়ার পর তাকে বাঁচাতে গিয়েই বড় ভাইও তলিয়ে যায়।
রাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ডাবলু অধিকারী গভীর শোক প্রকাশ করে বলেন, ছেলে দুটি অত্যন্ত ভদ্র ও মেধাবী ছিল। ছুটির দিনে প্রায়ই তারা চরে ফুটবল খেলতে যেত। তাদের বাবা গতকাল পায়ের অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। মা-ও তার সঙ্গে ছিলেন। বাড়িতে অভিভাবক না থাকায় তারা নদীতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।
তিনি আরও বলেন, “তিস্তাপাড়ের মানুষ প্রতিনিয়ত নদীর সঙ্গে লড়াই করে বেঁচে আছে। নদীর দুই পাশে স্থায়ী বাঁধ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা থাকলে হয়তো এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পানিতে ডুবেই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই ভাইয়ের একসঙ্গে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬ । ১১:২১ অপরাহ্ণ