শরীয়তপুরের জাজিরায় ৩৬ ঘণ্টা পরও নিখোঁজ শিশু, অপহরণকারী চাচি পুলিশের হাতে আটক..

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬ । ১০:০৭ অপরাহ্ণ

অপহরণের প্রায় ৩৬ ঘণ্টা পার হলেও এখনো উদ্ধার হয়নি ছয় মাস বয়সী শিশু জাহিদ রাফসান। তবে এ ঘটনায় অভিযুক্ত চাচি আমেনা বেগমকে আটক করেছে পুলিশ।

শরীয়তপুরের জাজিরা উপজেলায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে ঘটে যাওয়া এ ঘটনায় শিশুটির কোনো সন্ধান না মেলায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের হাজী মজিদ বেপারী কান্দি এলাকায় ঘটনাটি ঘটেছে। অপহৃত শিশুর নাম জাহিদ রাফসান। সে মালয়েশিয়া প্রবাসী জুয়েল মল্লিক ও রাত্রি বেগম দম্পতির সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে রাত্রি বেগম তার জা আমেনা বেগমের মাধ্যমে চার লাখ টাকা সুদে ঋণ নেন। পরে সুদসহ প্রায় চার লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হলেও আরও টাকা পাওনা রয়েছে দাবি করে আসছিলেন আমেনা বেগম। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, শনিবার (১৬ মে) ভোরে আমেনা বেগম কৌশলে শিশুটিকে কিছু সময়ের জন্য নিজের কাছে নেওয়ার কথা বলে নিয়ে যান। এরপর থেকেই তিনি শিশুটিকে নিয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি শিশুটিকে ফেরত দিতে সুদের পাঁচ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।

পরে রোববার (১৭ মে) দুপুরে টাকা দেওয়ার কথা বলে কৌশলে আমেনা বেগমকে ডেকে আনে শিশুটির পরিবার। তিনি ডুবিসায়বর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নেন। তবে সেখানে তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে আসেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমেনা বেগমকে আটক করে।

এদিকে দীর্ঘ ৩৬ ঘণ্টার বেশি সময় পার হলেও শিশুটিকে উদ্ধার করতে না পারায় পরিবারে আতঙ্ক আরও বেড়েছে। শিশুটির মা রাত্রি বেগম বলেন, সব টাকা পরিশোধ করার পরও আমার সন্তানকে নিয়ে গেছে। আমার সন্তান কোথায় আছে, কে তাকে দেখছে এই দুশ্চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি।

অভিযুক্ত আমেনা বেগম দাবি করেন, তার পাওনা টাকা আদায়ের জন্যই তিনি শিশুটিকে নিয়ে গেছেন। টাকা ফেরত না পাওয়া পর্যন্ত শিশুটিকেও ফেরত দেবেন না বলে জানান তিনি।

এ বিষয়ে শরীয়তপুর জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেন, অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটিকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে দ্রুত উদ্ধার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন