কাঙ্ক্ষিত মাদ্রাসায় ভর্তি হতে পারেননি মেধাবী শিক্ষার্থী তানভীর
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ আয়োজিত ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের পরও প্রাথমিক মেধাতালিকায় নাম না আসায় কাঙ্ক্ষিত মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ হারান মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ তানভীর। পরে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সংশোধিত ফলাফলে তিনি জাতীয় মেধাতালিকায় ২৭তম স্থান অর্জন করেন।
তানভীর জামিয়া কারিমিয়া মোহাম্মদিয়া-এর ফাজিলত বিভাগের একজন মেধাবী ছাত্র। প্রাথমিক ফলাফলে তার নাম মেধাতালিকায় প্রকাশ না হওয়ায় তিনি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান ঢালকা নগর মাদ্রাসা-এ ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।
পরবর্তীতে বোর্ডে ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করলে সংশোধিত মেধাতালিকায় তার নাম জাতীয়ভাবে ২৭তম স্থানে প্রকাশিত হয়। তবে ততদিনে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় স্বপ্নের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ আর পাননি তিনি।
জানা গেছে, চলতি বছরে লক্ষ্মীপুর জেলা থেকে মাত্র দুইজন শিক্ষার্থী জাতীয় মেধাতালিকায় স্থান পেয়েছেন, তাদের মধ্যে তানভীর একজন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা। তাদের প্রশ্ন ফল প্রকাশে এমন গুরুতর ভুলের দায়ভার কে নেবে? একটি ভুলের কারণে একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্নভঙ্গের দায় কি শুধু সময়ের ওপরই চাপিয়ে দেওয়া হবে?

মোহাম্মদ জাকির শাহ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬ । ১১:৫১ অপরাহ্ণ