অবশেষে মায়ের কোলে ফিরলো জাজিরায় অপহৃত সেই শিশু রাফসান..!

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬ । ১১:৫৪ অপরাহ্ণ

অবশেষে উদ্ধার করা হয়েছে ছয় মাস বয়সী শিশু জাহিদ রাফসানকে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে অপহরণের শিকার হওয়া শিশুটিকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়। এ ঘটনায় আগে থেকেই অভিযুক্ত চাচি আমেনা বেগমকে আটক করা হয়েছিল। শিশুটিকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে।

জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের হাজী মজিদ বেপারী কান্দি এলাকায় ঘটনাটি ঘটে। অপহৃত শিশু জাহিদ রাফসান মালয়েশিয়া প্রবাসী জুয়েল মল্লিক ও রাত্রি বেগম দম্পতির সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে রাত্রি বেগম তার জা আমেনা বেগমের মাধ্যমে চার লাখ টাকা সুদে ঋণ নেন। পরে সুদসহ প্রায় চার লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হলেও আরও টাকা পাওনা রয়েছে দাবি করে আসছিলেন আমেনা বেগম। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, শনিবার (১৬ মে) ভোরে আমেনা বেগম কৌশলে শিশুটিকে কিছু সময়ের জন্য নিজের কাছে নেওয়ার কথা বলে নিয়ে যান। এরপর থেকেই তিনি শিশুটিকে নিয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি শিশুটিকে ফেরত দিতে সুদের পাঁচ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।

পরে রোববার (১৭ মে) দুপুরে টাকা দেওয়ার কথা বলে কৌশলে আমেনা বেগমকে ডেকে আনে শিশুটির পরিবার। তিনি ডুবিসায়বর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নেন। তবে সেখানে তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে আসেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এরপর র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়। দীর্ঘ অনুসন্ধানের পর শিশুটিকে উদ্ধার করা হয়। তবে কোথা থেকে এবং কীভাবে শিশুটিকে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

শিশুটির মা রাত্রি বেগম বলেন, আমার সন্তানকে ফিরে পেয়েছি, এটাই সবচেয়ে বড় শান্তি। গত কয়েকটি ঘণ্টা কীভাবে কেটেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা আমার সন্তানকে ফিরিয়ে এনেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন