কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অপহরণ ও ডাকাতি দমনে পুলিশের ধারাবাহিক অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
বিশেষ করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সিফাত মাজদারের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এলাকাবাসীর মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় অপহরণ, চুরি ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
তবে ঈদগাঁও থানা পুলিশের নিয়মিত টহল, রাতভর চেকপোস্ট পরিচালনা এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে কঠোর নজরদারির ফলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে এসেছে।
ওসি সিফাত মাজদারের নির্দেশনায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকায় বিভিন্ন অপরাধচক্রের সদস্যরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা।
এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ এখন অনেকটা নিরাপদ বোধ করছেন।
এলাকাবাসী জানান, আগে গভীর রাতে চলাচলে ভয় কাজ করলেও বর্তমানে পুলিশের তৎপরতার কারণে সেই আতঙ্ক অনেকটাই কমে গেছে। তারা আইনশৃঙ্খলা রক্ষায় ঈদগাঁও থানা পুলিশের এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি সিফাত মাজদার বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। অপহরণ, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আমাদের অভিযান চলমান থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ । ১:২৩ অপরাহ্ণ