সাভারে পৌরসভার অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট বসছে রেডিও কলোনি মাঠে হাট পরিদর্শনে মেয়র পদপ্রার্থী লায়ন খোরশেদ আলম

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২৬ । ৯:৪২ অপরাহ্ণ

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সাভার পৌরসভা কর্তৃক অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট বসছে সাভারের রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে। ইতোমধ্যে হাট পরিচালনা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হাটটির ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করছেন দেলোয়ার হোসেন মাদবর। তিনি জানান, ক্রেতা-বিক্রেতাদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হাটে পর্যাপ্ত প্রবেশ ও বের হওয়ার পথ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যানজট নিরসন এবং সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।

এদিকে হাট পরিদর্শন করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। পরিদর্শন শেষে তিনি বলেন,
“সাভার পৌরসভার অনুমোদিত এই হাটে প্রশাসনিকভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে হাটে বিপুল মানুষের সমাগম হবে। তাই আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। পাশাপাশি জাল টাকা প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, সাভার পৌরসভার অনুমোদিত এই একমাত্র পশুর হাটে নিরাপদ ও সুন্দর পরিবেশে ক্রেতা-বিক্রেতারা তাদের কেনাবেচা সম্পন্ন করতে পারবেন এবং ঈদ উপলক্ষে সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন