তিতাসে জনগণের চলাচলের রাস্তা দখল করে দেওয়াল ও ঘর নির্মাণের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ । ১:০১ অপরাহ্ণ

কুমিল্লার তিতাস উপজেলায় দীর্ঘদিনের জনগণের চলাচলের রাস্তা দখল করে দেওয়াল ও ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহবৃদ্ধি গ্রামের পশ্চিমপাড়া এলাকায়।

​স্থানীয় সূত্রে জানা যায়, শাহবৃদ্ধি পাকা সড়কের মোড় থেকে পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস সরকারের বাড়ি পর্যন্ত ৪-৫ বছর আগে এলাকাবাসীর চলাচলের জন্য একটি মাটির গ্রামীণ রাস্তা নির্মাণ করা হয়, যা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী চলাচল করে আসছেন। সম্প্রতি ওই রাস্তার একটি অংশ দখল করে দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে শাহবৃদ্ধি গ্রামের মৃত রুক্কু মিয়া সরকারের ছেলে সাব মিয়া ওরফে মোস্তাক মিয়া (৬৫)-এর বিরুদ্ধে।

​বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার অংশ ঘিরে দেওয়াল নির্মাণের কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি সুমন মিয়া নামে আরেক ব্যক্তি ওই রাস্তার উপরেই তার চার চালা ঘরের বারান্দা নির্মাণ করেছেন।

​এলাকাবাসীর বক্তব্য:
​এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এলাকাবাসী বলেন:
​“বিগত ৪-৫ বছর ধরে গ্রামবাসী এ রাস্তা ব্যবহার করে আসছে। এখন জনগণের চলাচলের পথ দখল করে দেওয়াল ও ঘরের বারান্দা নির্মাণ করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। গ্রামবাসী সরকারি রাস্তায় এই নির্মাণকাজে বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তিরা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে ভবিষ্যতে মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হবে। জনগণের স্বার্থে নির্মিত রাস্তা দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণ বেআইনি ও জনস্বার্থবিরোধী কাজ।”

​এলাকাবাসী অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

​অভিযুক্ত পক্ষের বক্তব্য:
​এ বিষয়ে অভিযুক্ত সাব মিয়ার ছেলে প্রবাসী ওমরের সাথে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন:
​“এই জমি সম্পূর্ণ আমাদের নিজস্ব জায়গা। উল্টো আমাদের জায়গা তারা জোর করে রাস্তা হিসেবে নিয়ে নিয়েছে। আমরা যেখানে দেওয়াল নির্মাণ করতেছি, সেই দেওয়ালের সাথে আমরা নিজেদের জায়গা থেকে রাস্তাও ছেড়ে দিয়েছি। শুধু তাই নয়, আমাদের নিজস্ব অর্থায়নে আমরা বালু কিনে এনে রাস্তা ভরাট করে দিয়েছি। আমরা এখানে কারো কোনো ক্ষতি করতেছি না।”

​স্থানীয় জনপ্রতিনিধির বক্তব্য:
​এ বিষয়ে মজিদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার আজহার মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমবার ফোন দিলে রিং হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে আবারও ফোন দেওয়া হলে তিনি কলটি কেটে দেন। যার ফলে এই বিষয়ে উনার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন