ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের নির্বিঘ্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মোঃ জুবায়ের হোসেন ( নাসিরনগর )সরাইল
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ । ৯:৫১ অপরাহ্ণ

 

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ঈদের সময় এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ টাকা রাখতে হবে এবং সার্বক্ষণিক সেবা চালু রাখতে হবে। কোনো কারিগরি সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

এছাড়া এটিএম, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) যেন নিরবচ্ছিন্ন লেনদেন চালু থাকে, সে বিষয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে বুথে নিরাপত্তাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি করতে হবে। একই সঙ্গে জালিয়াতি রোধে গ্রাহক ও মার্চেন্টদের সচেতন করার কথাও বলা হয়েছে।

কার্ড ছাড়া অনলাইন লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, এমএফএস এজেন্টদের কাছে পর্যাপ্ত নগদ অর্থ রাখা এবং সব ধরনের লেনদেনের তাৎক্ষণিক এসএমএস নোটিফিকেশন নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের কাছে পাঠানো হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন