অনলাইন জুয়ার খেলোয়াড় গ্রেপ্তার, ডিবির অভিযানে মেহেরপুরে আটক ২

মো: উজ্জ্বল হোসেন-মেহেরপুর প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ । ১০:৪৯ অপরাহ্ণ

প্রথমবারের মতো অনলাইন জুয়ার একজন নিয়মিত খেলোয়াড়কে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সময়ে পৃথক আরেক অভিযানে মেহেরপুর থেকেই অনলাইন জুয়া (বেটিং) চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ। দুটি ঘটনায় মেহেরপুর ও কুষ্টিয়ার ডিবি পুলিশের তদন্তে অনলাইন জুয়ার বিস্তৃত নেটওয়ার্কের নতুন তথ্য উঠে এসেছে।

বুধবার দিবাগত রাতে (২১ মে) মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব পুকুরপাড়া এলাকা থেকে আল সাহাব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ। তিনি ওই এলাকার আবু তালেবের ছেলে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, ‘অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এর আগে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তারের ঘটনা ঘটলেও অনলাইন জুয়ার খেলোয়াড় গ্রেপ্তারের ঘটনা এটিই প্রথম। একই সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অনলাইন জুয়া এজেন্ট পরিচালনার সন্দেহভাজন হিসেবেও আমরা শনাক্ত করেছি।

বুধবার ২১ মে রাত ২টার দিকে তেতুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, ‘অনলাইন জুয়া ও সাইবারভিত্তিক অপরাধ বর্তমানে সমাজের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণদের একটি অংশ খুব সহজে এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।’

মেহেরপুর জেলা পুলিশের তথ্য অনুযায়ী অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অর্থপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, সাম্প্রতিক অভিযানে আমরা অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের তথ্য পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন