সাম্প্রতিক প্রাথমিক শিক্ষা পদকে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের তালিকায় তাহিরপুর উপজেলার কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম না আসায় স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষা খাতে উপজেলার ধারাবাহিক পিছিয়ে পড়া নিয়ে এখন সচেতন মহল, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে নানা প্রশ্ন উঠছে।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি বেতন-ভাতা, শিক্ষা উপকরণ ও সুযোগ-সুবিধা যদি দেশের সব উপজেলায় সমানভাবে প্রদান করা হয়, তাহলে তাহিরপুর উপজেলার বিদ্যালয়গুলো কেন কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না?
সচেতন মহলের মতে, শুধুমাত্র কাগুজে উন্নয়ন দেখিয়ে শিক্ষার প্রকৃত মানোন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র বিশ্লেষণ করে পিছিয়ে পড়ার মূল কারণ খুঁজে বের করা জরুরি। একই সঙ্গে শিক্ষক সংকট, পাঠদানের মান, বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি, নিয়মিত তদারকি, অবকাঠামোগত দুর্বলতা এবং শিক্ষার্থীদের ঝরে পড়ার হার গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অভিভাবকদের অভিযোগ, অনেক বিদ্যালয়ে আগের তুলনায় পাঠদানের মান কমে গেছে। কোথাও শিক্ষক স্বল্পতা, কোথাও আবার কার্যকর মনিটরিংয়ের অভাবে শিক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। এর ফলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন তারা।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, তাহিরপুরের শিক্ষা খাতকে এগিয়ে নিতে হলে শুধু সরকারি বরাদ্দ নয়, প্রয়োজন কার্যকর তদারকি, জবাবদিহিতা ও বাস্তবভিত্তিক উদ্যোগ। স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে উপজেলার শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনবে।

জুনাঈদ আহমদ রাসেলঃ তাহিরপুর প্রতিনিধি।
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ১০:১৭ অপরাহ্ণ