সাভারে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে পৌরসভার অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাট। শুক্রবার বিকেলে রেডিও কলোনি মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে হাটের কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম, সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, এবং সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরমান আলী।
উদ্বোধন শেষে অতিথিরা হাটের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। হাট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হাটে রাখা হয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা নজরদারি, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম এবং মেডিক্যাল টিমের ব্যবস্থা।
এছাড়া ঈদকে কেন্দ্র করে বাড়তি মানুষের সমাগম বিবেচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। ফলে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে পশু কেনাবেচা করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
হাটের ইজারাদার দেলোয়ার হোসেন মাদবর জানান, ক্রেতা-বিক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের হাট হবে সুশৃঙ্খল, নিরাপদ ও ভোগান্তিমুক্ত— এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সকলের।

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ১১:৫৪ অপরাহ্ণ