মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং এলাকায় মাদকের বিস্তার প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা ও পাঠানপাড়ায় সচেতনতামূলক মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাঠানপাড়া কুনাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে বিপর্যস্ত করে তোলে। তাই মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।
সমাবেশে বক্তারা যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
স্থানীয়রা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এমন সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জুনাঈদ আহমদ রাসেলঃ তাহিরপুর প্রতিনিধি।
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ৭:৫০ পূর্বাহ্ণ