শিশু রামিসাসহ দেশব্যাপী ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ড ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সমাজ থেকে অপরাধ দূরীকরণে সর্বত্র শরিয়া আইন বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ কমলনগর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা দেশে নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান সহিংসতা, খুন এবং ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান বিচার ব্যবস্থা ও আধুনিক সমাজ ব্যবস্থা মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ‘আসিয়া ও রামিসা’র মতো নিষ্পাপ শিশুদের নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও দাবি করেন, অপরাধীদের কেবল প্রচলিত আইনেই নয়, বরং দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
মানববন্ধনে স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মী, ওলামায়ে কেরাম এবং সাধারণ তাওহীদি জনতা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। সমবেত জনতা অবিলম্বে শিশু রামিসার হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মোহাম্মদ জাকির শাহ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ১১:০৮ অপরাহ্ণ