সুনামগঞ্জের ছাতক থানা ও জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী, ডাকাতি মামলার আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে ২০২৬) পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা, মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে ৩টি স্মার্টফোন ও একটি পালসার মোটরসাইকেল।
অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক মামলার আসামি পারভেজ (৩৩) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিয়মিত মামলার আরও দুই আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ২:২০ অপরাহ্ণ