গাজী আব্দুল কুদ্দুস, খুলনা প্রতিনিধি। খুলনার হরিণটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী (৪০) নামে এক দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪-০৫-২৬ ইং) ভোর সাড়ে পাঁচটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন।
পুলিশ জানায়, খুলনা শহর সংলগ্ন কৈয়া বাজার জয়খালি ব্রিজ এলাকায় বায়তুল মামুর জামে মসজিদে মুসল্লীরা নামাজ পড়তে আসে। এ সময় মসজিদের বারান্দায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া যায়। পাশে রক্তাক্ত ইট দেখা যায়। তবে কে বা কারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তা এখনো নিশ্চিত করা যায়নি। মৃত ডালিম গাজী খুলনার কয়রার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজীর ছেলে এবং সে পেশায় একজন দিনমজুর।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, স্থানীয় মুসল্লীরা সকালে মসজিদে নামাজ পড়তে এসে বারান্দায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট শেষ করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে ইট দিয়ে তার মাথার ডান পাশে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর তাকে মসজিদের বারান্দায় ফেলে রেখে যায় হত্যাকারেরা। আশপাশের সিসি ফুটে আছে সংগ্রহের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। পেশায় একজন দিনমজুর হওয়ায় তিনি কাজের সন্ধানে কয়রা থেকে খুলনায় আসেন। তার মৃত্যুর ব্যাপারে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে প্লাস পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গাজী আব্দুল কুদ্দুস,খুলনা।
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ৪:৪৫ অপরাহ্ণ