ট্রাকে ঈদযাত্রা: টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, স্বজনদের আহাজারি

​সজিব হাসানঃ টাংগাইল জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ১১:৪১ পূর্বাহ্ণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরা হলো না ১৫ জনের। সোমবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে ট্রাক উল্টে ঘটনাস্থলেই ১৫ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
​বাস ভাড়া বেশি হওয়ায় সাশ্রয়ী ভেবে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তারা। যাত্রীদের ভাষ্যমতে, বাসে জনপ্রতি ভাড়া যেখানে ১৭০০-১৮০০ টাকা দাবি করা হচ্ছিল, সেখানে ট্রাকে মাত্র ৩০০-৪০০ টাকায় গন্তব্যে পৌঁছানোর আশায় ২২ জন যাত্রী রডবাহী এই ট্রাকটিতে ওঠেন।
​স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। ট্রাকের রডের নিচে চাপা পড়ে অধিকাংশ যাত্রী মারা যান। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। স্থানীয়দের ধারণা, দ্রুত গতিতে অন্য গাড়িকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
​বর্তমানে ট্রাকটি দুর্ঘটনাস্থলে পড়ে আছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্প খরচে বাড়ি ফেরার যে স্বপ্ন নিয়ে তারা রওনা হয়েছিলেন, তা শেষ পর্যন্ত ট্র্যাজেডিতে রূপ নিল। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন