মাদারীপুরের শিবচর উপজেলায় হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার বিকেল থেকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের প্রেক্ষিতে সংগঠনটির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবচর থানা পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে বাঁশকান্দি ইউনিয়নের এনপিপির স্থানীয় নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে।

মো: ইমাম হাসান-শিবচর উপজেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ৮:৪৮ অপরাহ্ণ