ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, বৈরী আবহাওয়া ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ার ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে স্থবিরতা দেখা দিয়েছে।
সোমবার (২৫ মে) দিবাগত গভীর রাত থেকে শুরু হওয়া এই যানজট যমুনা সেতুর পূর্বপাড় টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। হঠাৎ সৃষ্ট এই যানজটের কবলে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা।
যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ
দীর্ঘক্ষণ গণপরিবহনে আটকা পড়ে যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। পাবনাগামী যাত্রী মোতালেব মিয়া জানান, ভোররাতে গাড়ি না পেয়ে বাধ্য হয়ে ট্রাকে উঠেছেন। কিন্তু মহাসড়কের পৌলি এলাকায় এসে দীর্ঘ সময় যানজটে আটকা পড়তে হয়েছে তাকে।
নিলুফা বেগম নামে আরেক যাত্রী জানান, টাঙ্গাইলের ঘারিন্দা পার হওয়ার পর থেকেই গাড়ি থেমে থেমে চলছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকা থাকায় পরিবার নিয়ে তিনিসহ অনেকেই অসুস্থ বোধ করছেন।
এদিকে, বাসে আসন না পাওয়ায় এবং গণপরিবহনে প্রচণ্ড ভিড়ের কারণে অনেক কর্মজীবী মানুষ বাধ্য হয়ে ট্রাক কিংবা খোলা যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এতে স্বাভাবিকের চেয়ে তিনগুণ পর্যন্ত বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের। এরপরও যানজটের কারণে দীর্ঘ সময় গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে যাত্রীদের।
কী বলছে কর্তৃপক্ষ?
যানজট ও মহাসড়কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “রাতের বেলা টানা বৃষ্টি এবং ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহনের চাপের কারণেই মহাসড়কে এই জটলার সৃষ্টি হয়েছে। এছাড়া রাতে একাধিক গাড়ি বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতি কিছুটা জটিল হয়েছিল।”
তিনি আরও জানান, যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্টরা নিরলস কাজ করছেন। দুপুরের পর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমানে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে এবং যানবাহনগুলো ধীরে ধীরে গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে।

সজিব হাসানঃ টাংগাইল জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ৩:৪৪ অপরাহ্ণ