স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কুরবানী হচ্ছেনা “ডোনাল্ড ট্রাম্প”

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ মে, ২০২৬ । ৬:৪৮ অপরাহ্ণ

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে আলোচনায় থাকা অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও ফিরছে নারায়ণগঞ্জের খামারে। বিশৃঙ্খলার আশঙ্কায় ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটি আপাতত খামারেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, কেরানীগঞ্জের যে ক্রেতা মহিষটি কিনেছিলেন, তাকে মূল্য ফেরত দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় মহিষটিকে আবার নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানেই আপাতত লালন-পালন করা হবে।

এর আগে, বিরল অ্যালবিনো জাতের এই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাদা রঙের চুল ও চোখের গঠনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর সঙ্গে কিছুটা মিল থাকায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

অদ্ভুত নাম ও ব্যতিক্রমী গঠনের কারণে খুব দ্রুতই ভাইরাল হয়ে ওঠে ৭০০ কেজি ওজনের এই মহিষটি। তবে ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির এটি ৫৫০ টাকা কেজি দরে কিনে নিয়েছিলেন।

মহিষটিকে এক নজর দেখতে খামারে ভিড় করেছিলেন শিশু-কিশোর, যুবক থেকে শুরু করে নারীরাও। শুধু স্থানীয় নয়, বরিশাল, কুমিল্লাসহ বিভিন্ন দূরবর্তী জেলা থেকেও মানুষ ছুটে এসেছিলেন। অনেকেই কিনতে না পেরে হতাশা প্রকাশ করেন।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় আলোচিত এই মহিষটি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা Agence France-Presse (এএফপি) এবং Reuters–সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয় ‘ডোনাল্ড ট্রাম্প’-এর খবর।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন