শরীয়তপুরের জাজিরা উপজেলায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে রাহাত (১০) নামে এক শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহত রাহাত মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার সামছু মাদবরের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি মরিচ খেতে কয়েকজন শিশুর সঙ্গে খেলাধুলা করছিল রাহাত। এ সময় জমির পাশে কসটেপ মোড়ানো একটি ককটেল বা হাতবোমা সদৃশ বস্তু দেখতে পায় সে। খেলনা ভেবে কৌতূহলবশত সেটি হাতে তুলে নিয়ে খোলার চেষ্টা করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় রাহাতের দুই হাতের কবজি পর্যন্ত গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল রক্তাক্ত হয়ে পড়ে এবং বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ছুটে আসে। পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, কৃষিজমিতে কীভাবে এ ধরনের বিস্ফোরক বস্তু এলো, তা নিয়ে তারা উদ্বিগ্ন। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, ঘটনাস্থল ও আশপাশের এলাকা দ্রুত তল্লাশি চালিয়ে আরও কোনো বিস্ফোরক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হোক। পাশাপাশি এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরক কারা রেখে গেছে, তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, “কুড়িয়ে পাওয়া ককটেলটি খোলার চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়ে শিশুটির দুই হাতের কবজি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা বলছেন, পরিত্যক্ত বিস্ফোরক সাধারণ মানুষের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে এলাকায় সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোরও আহ্বান জানানো হয়েছে।

মো: নুরজামাল ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬ । ৮:৩২ অপরাহ্ণ