মৃত্যু চেয়ে ফেসবুক পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল যুবকের

আবির হোসেন সান (এমটিভি বাংলা)
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬ । ৮:৪২ অপরাহ্ণ

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নামের লক্ষ্মীপুরের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক জেলার কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার প্রবাসী মুহাম্মদ দুলালের ছেলে।

সৌদি আরবে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান বৃহস্পতিবার (২৮ মে) রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাহাদি রাজ শুভ গত কয়েক মাস ধরে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। ২৫ মার্চ তিনি তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে সেটির বহিঃপ্রকাশও ঘটান। তাতে তিনি লেখেন, বড় একটি অ্যাকসিডেন্ট হোক, ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ, স্বপ্নগুলো সব মরে যাক, মুছে যাক সব অপূর্ণতা।

এর প্রায় দুই মাস পর বৃহস্পতিবার ভোরে মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারির কাজে বের হন তিনি। তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। এসময় ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মাহাদি রাজ শুভ।

বর্তমানে তার মরদেহ সৌদি আরবের কিং সৌদি হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, দ্বিতীয় দফায় প্রায় ছয় মাস আগে তিনি সৌদি আরবে যান।

এদিকে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানার জন্য কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাহাত উজ জামানের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন