কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাধানগরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে “রাধানগর কুরবানি প্রজেক্ট টিম-২০২৬”।
গত ২৮ মে আয়োজিত এ কার্যক্রমে এলাকার বিত্তবান ও কুরবানিদাতা ব্যক্তিদের কাছ থেকে কুরবানির মাংস সংগ্রহ করা হয়। পাশাপাশি উদ্যোগের অংশ হিসেবে অতিরিক্ত দুটি গরু কুরবানি করা হয়।
সংগ্রহকৃত ও কুরবানিকৃত মোট ১২১৬ কেজি গরুর মাংস একত্রিত করে সুষ্ঠুভাবে প্যাকেটজাত করা হয়। পরে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী অসহায়, দরিদ্র, এতিম, বিধবা ও দুস্থ ২৯৪টি পরিবারের মাঝে তা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ কার্যক্রমের মাধ্যমে অনেক সুবিধাবঞ্চিত পরিবার ঈদের আনন্দ ও কুরবানির অংশীদার হওয়ার সুযোগ পেয়েছে।
মাংস সংগ্রহ, জবাই, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবকরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। স্থানীয় বিত্তবান ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতায় পুরো আয়োজন সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে এই মহতী উদ্যোগে অংশগ্রহণকারী সকল দাতা, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি মহান আল্লাহ তাআলার নিকট সকলের কুরবানি ও মানবসেবামূলক প্রচেষ্টা কবুল হওয়ার দোয়া কামনা করা হয়।

মোহাম্মদ আলমগীর হোসাইন (কুমিল্লা)-দেবিদ্বার
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬ । ১০:৪৫ অপরাহ্ণ