আশুলিয়া ও ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: সোমবার, ১ জুন, ২০২৬ । ৩:৪৮ অপরাহ্ণ

ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক দুটি অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে গত ৩১ মে ২০২৬ রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়া থানার উত্তর গাজীরচট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিব সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মো. সোহেল মিয়া (৩৬)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল মিয়ার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। তিনি আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার বগাবাড়ী আমবাগান কবরস্থান সংলগ্ন এলাকার বাসিন্দা।

অন্যদিকে, ১ জুন ২০২৬ দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ধামরাই থানার কুমড়াইল এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স।

এ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোবারক হোসেন (২৭), ইমরান (২৯) ও রিপন (২৬)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের সবাই দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে তদন্তে জানা গেছে, প্রথম অভিযানে গ্রেফতার হওয়া সোহেল মিয়ার বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন