দ্বিতীয় জন্মদিনেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল শরীয়তপুরের ছোট্ট জাইমার জীবনপ্রদীপ

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ । ১০:২০ পূর্বাহ্ণ

শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত না-ফেরার দেশে পাড়ি জমিয়েছে দুই বছর বয়সী শিশু জাইমা আহম্মেদ। হৃদয়বিদারক বিষয় হলো, যে দিন তার বয়স দুই বছর পূর্ণ হয়, সেদিনই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাইমা আহম্মেদ (২) জাজিরা উপজেলার ফকির কান্দি এলাকার বাসিন্দা এবং ৫৫ নং পূর্ব নাওডোবা আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের আহম্মেদের একমাত্র কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, জাইমা তার বাবা-মায়ের সঙ্গে নানাবাড়ি নাওডোবা থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে রূপবাবুর হাট এলাকায় তাদের বহনকারী ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে জাইমাসহ তার বাবা ও মা আহত হন।

গুরুতর আহত অবস্থায় জাইমাকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জুন,২০২৬ (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে জাইমার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়-স্বজন, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গভীর বেদনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ছোট্ট জাইমার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে। পরিবারের সদস্যরা তার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন