প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি: ৬০০ টাকা কেজিতে ভাঙারির দোকানে বিক্রি, গ্রেপ্তার ২

সাজিদ বিন বশির, মাল্টিমিডিয়া রিপোর্টার, ঢাকা
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ । ৮:১০ অপরাহ্ণ

ঢাকার বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ ‘রেড টেলিফোন’ সংযোগের তামার তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সচিবালয়ের আউটসোর্সিং কর্মী এবং অন্যজন ভাঙারি ব্যবসায়ী। তাদের কাছ থেকে চুরি হওয়া তামার তারও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাউল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, ঈদের ছুটির পর সচিবালয় খুললে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। পরে বিটিসিএলের কর্মকর্তারা কাজ করে সংযোগ পুনরায় চালু করেন। তদন্তে জানা যায়, গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবহৃত কপার কেবল কেটে নেওয়া হয়েছিল।

ঘটনার তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে জিজ্ঞাসাবাদ করে। তিনি তামার তার চুরির কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙারি ব্যবসায়ী রেজাউল ইসলামকে আটক করা হয় এবং পরবর্তীতে একটি গুদাম থেকে চুরি হওয়া তার উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। সম্ভাব্য জড়িতদের শনাক্ত করতে এবং ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন