ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ।
শনিবার আখাউড়া থানাধীন মোগড়া বাজার মোড়ে একটি চা দোকানের সামনে থেকে মাহিনুর (৪৫) নামে ওই নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহিনুর উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকী (শিকারমুড়া) এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায়, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মো. সামছুল হক, এএসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুক, কনস্টেবল শরিফুল ইসলাম এবং নারী কনস্টেবল দিলরুবা আক্তার অংশ নেন। ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানের সময় সন্দেহভাজন ওই নারীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে আখাউড়া থানা পুলিশ।

মাহমুদুর রহমান , আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): প্রতিনিধি।
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ১১:০৭ পূর্বাহ্ণ