সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে হাউসবোটের মেশিনে পড়ে সৌমাতা সরকার নিঝুম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুর প্রায় ৩টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় একটি হাউসবোটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌমাতা সরকার নিঝুম ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের কন্যা।
জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে একটি হাউসবোটের উদ্বোধনী ট্রিপে অংশ নেয় শিশুটি। একপর্যায়ে অসাবধানতাবশত হাউসবোটের মেশিনের কাছে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জুনাঈদ আহমদ রাসেল তাহিরপুর প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ১১:১০ পূর্বাহ্ণ