সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ি গ্রামের করিম (১৮) নামের এক যুবকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি গ্রামের রুক্কু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সংকট দূর করতে জীবিকার সন্ধানে কয়েকদিন আগে করিম যাদুকাটা নদী পাড়ি দিয়ে ভারতের গুমাঘাট এলাকায় পাথর সংগ্রহের কাজে যান। এরপর থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্বজনদের দাবি, গুমাঘাট এলাকায় অবস্থানকালে তিনি হামলার শিকার হন। ঘটনার দুই দিন পর তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। তরুণ এই যুবকের অকাল মৃত্যুতে আমবাড়ি গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।
নিহতের পরিবার জানায়, সংসারের অভাব-অনটন দূর করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল করিমের। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো।
তবে ঘটনাটির বিষয়ে এখনো কোনো সরকারি বা প্রশাসনিক সূত্র থেকে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি।

জুনাঈদ আহমদ রাসেল তাহিরপুর প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ১১:২৩ পূর্বাহ্ণ