পদোন্নতির তালিকায় নাম না থাকায় চাকরি ছাড়ার আবেদন করলেন, সিআইডির ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলি আকবর খান।

এস এম আকাশ : স্পেশাল ক্রসপেন্ডেন্ট
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ১১:৩৪ পূর্বাহ্ণ

পদোন্নতির তালিকায় নিজের নাম না থাকায় চাকরি ছাড়ার আবেদন করেছেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান (ডিআইজি) আলি আকবর খান। গত ১ জুন তিনি সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চাকরি ছাড়ার আবেদনে তিনি লিখেছেন, ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকার পুলিশের ‘সর্বপ্রথম সদস্য’ হিসেবে আকবর খানকে ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি ওএসডি করে এবং ২০২২ সালের ৭ এপ্রিল চাকরিচ্যুত করে। জুলাই গণঅভ্যুত্থানের পর তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়।

“অদ্য ০৪.০৬.২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে যারা পদোন্নতি পেয়েছেন সে তালিকায় আমার নাম না থাকায় আমি নিশ্চিত যে আমার জানা-অজানা কোনো অযোগ্যতার কারণে আমি সর্বশেষ বৈষম্যের শিকার হলাম। এমতাবস্থায়, নিজের অযোগ্যতা নিয়ে সরকারের বোঝা হওয়ার পরিবর্তে আমি সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৪ ধারা মতে আগামী ০২.০৭.২০২৬ খ্রি. তারিখ চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণে ইচ্ছুক।”

এদিকে পুলিশ সূত্র জানায়, সিআইডির বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) এ এ এম হুমায়ুন কবীর আবেদনপত্রটি গ্রহণ করে পুলিশ সদর দফতরে পাঠিয়েছেন। পুলিশ সদর দফতর আবেদনটি গ্রহণ করলে পরবর্তী প্রক্রিয়ার জন্য সেটি মন্ত্রণালয় পাঠানো হতে পারে।’

এরআগে, বৃহস্পতিবার পাঁচজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন—সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, এনএসআইয়ের পরিচালক মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।’

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন