পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) বিকেল ৩টার দিকে মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) এবং রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা গুরুতরভাবে আহত হন। তার বাম চোখের পাশের অংশে আঘাত লাগে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের একজন অতিথি আলম প্যাদা অতিরিক্ত একটি মুরগির রোস্ট দাবি করেন। এ নিয়ে কনের পক্ষের রাসেল মোল্লার সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে আহত তিনজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত রাসেল মোল্লার চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এ ঘটনায় কনের মামা বাবলু আকন অভিযোগ করে বলেন, অতিরিক্ত রোস্ট চাওয়াকে কেন্দ্র করে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি।

মো রাকিব সিকদার পটুয়াখালী বাউফল প্রতিনিধি :
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ১১:৫৪ পূর্বাহ্ণ