খবর প্রকাশের পর অভিযান,খুলনায় ভদ্রা নদী খননের মাটি বিক্রির অভিযোগে রফিক ফকিরকে ৫০ হাজার টাকা জরিমানা

গাজী আব্দুল কুদ্দুস, খুলনা
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ৯:৫২ অপরাহ্ণ

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভদ্রানদী খনন প্রকল্পের মাটি অবৈধভাবে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রফিক ফকির নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
‎স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্রা নদী খননের সময় উত্তোলিত মাটি সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া ও বিক্রির অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে আলোচনার বিষয় ছিল। সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি।
‎খবর প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় মাটি বিক্রির দায়ে রফিক ফকিরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি সম্পদ ও নদী খনন প্রকল্পের মাটি অবৈধভাবে দখল বা বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
‎এদিকে প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, ভদ্রা নদী খনন প্রকল্পের সুফল যাতে জনগণ পায় এবং সরকারি সম্পদের অপচয় বন্ধ হয়, সেজন্য দায়ীদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
‎উল্লেখ্য, ভদ্রা নদী খনন কাজ চলাকালে উত্তোলিত মাটি ব্যবস্থাপনা নিয়ে এলাকায় বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। সর্বশেষ সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই অভিযান নতুন করে বিষয়টি আলোচনায় এনেছে।

 

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন