৮ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ভৈষামুড়া এলাকায় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (৮ জুন) দুপুর ১২টার পর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি যাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বহু যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তারা।

মাহমুদুর রহমান | ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ৫:০৩ অপরাহ্ণ