সড়কে নির্মাণসামগ্রী রেখে জনভোগান্তি, আখাউড়ায় প্রশাসনের অভিযান

মাহমুদুর রহমান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ৫:০৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জনসাধারণের চলাচলের সড়কের পাশে নির্মাণসামগ্রী রেখে পরিবেশ ও বায়ুদূষণ এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে আখাউড়া পৌরশহরের বাইপাস সড়ক, কলেজপাড়া, নয়ারপুর ও রাধানগর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শামীম, মো. আরিফ ও সিরাজুল ইসলাম। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় আখাউড়া থানা-পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জনসাধারণের ব্যবহৃত সড়কের পাশে নির্মাণসামগ্রী রেখে পরিবেশ ও বায়ুদূষণের পাশাপাশি পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, “বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী রাস্তার পাশে নির্মাণসামগ্রী ফেলে পরিবেশ ও বায়ুদূষণ ঘটানোর দায়ে তিনজনকে জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “পৌরসভার বিধান অনুযায়ী জনসাধারণের ব্যবহৃত সড়ক বা পথের ওপর কোনো ব্যক্তি নির্মাণসামগ্রী রাখতে পারেন না। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন