ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ক্যাম্প। গ্রেফতারকৃতদের মধ্যে পাখি বেগম (৪২) নামে এক নারী রয়েছেন, যাকে স্থানীয়ভাবে চিহ্নিত মাদক কারবারি হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
রবিবার (৭ জুন) বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভার থানার বাগ্নীবাড়ি এলাকার নাজিমুদ্দিনের স্ত্রী পাখি বেগম এবং আকরান নামাপাড়া এলাকার এরশাদের ছেলে মো. আরিফ মিয়া (২৫)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ হাজার ৮০০ টাকা।
ক্যাম্প পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আল আমিন বলেন, “এলাকাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ৭:১৯ অপরাহ্ণ