নতুন চেয়ারম্যান মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে গত পাঁচ কার্যদিবসে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা উত্তোলন করেছেন গ্রাহকরা। ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, চেয়ারম্যান নিয়োগকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা ও উদ্বেগের কারণে অনেক গ্রাহক আমানত তুলে নিচ্ছেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, ১ থেকে ৪ জুন পর্যন্ত চার কার্যদিবসে প্রায় ২ হাজার ৫৭০ কোটি টাকা উত্তোলন করা হয়। এছাড়া ৭ জুন একদিনেই প্রায় ১ হাজার কোটি টাকা উত্তোলনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলম ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তা ও গ্রাহকদের বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতির কারণে তার প্রথম কর্মদিবসের বোর্ড সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। একই সময়ে ব্যাংকের চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করেন।
ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন বলেন, “কিছু গ্রাহক আমানত তুলে নিচ্ছেন ঠিকই, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঋণ অনুমোদনসহ সব ধরনের কার্যক্রম কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।”
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গ্রাহকরা নগদ অর্থ উত্তোলন করছেন নাকি অন্য ব্যাংকে স্থানান্তর করছেন, সেটিও নজরদারির আওতায় রয়েছে। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তা দেবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর ইসলামী ব্যাংকের আমানত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ২০২৫ সালে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকায় পৌঁছায়। তবে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা উত্তোলনের ঘটনা ব্যাংকটির জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
এদিকে চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে কর্মকর্তা ও গ্রাহকদের আন্দোলন অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন এবং মো. খুরশিদ আলমের পদত্যাগ দাবি করেছেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক এ পরিস্থিতি শুধু ইসলামী ব্যাংক নয়, সামগ্রিক ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থার বিষয়টিকেও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ৮:১৫ অপরাহ্ণ