ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী রিগান গ্রেফতার

মাহমুদুর রহমান, নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ৮:১৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী মো. রিগানকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ জুন ২০২৬) রাত ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩ নম্বর সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর বাজারে জনতা ব্যাংকের সামনে অভিযান চালিয়ে রিগানকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত রিগানের বিরুদ্ধে পূর্বে ডাকাতির প্রস্তুতি, হত্যা, মাদক ও অন্যান্য অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতির ৯টি, হত্যা মামলা ১টি, মাদক মামলা ১টি এবং অন্যান্য ধারার ২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মো. রিগান (পিতা: মৃত ইয়াছিন মিয়া) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন