সাভারে ছাত্রদলের পদ পাওয়ার একদিন পর স্ত্রী হত্যার অভিযোগ, পলাতক রনি ইসলাম

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ১০:৫৯ অপরাহ্ণ

ঢাকার সাভারে ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পাওয়ার মাত্র একদিন পর নিজের স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে রনি ইসলাম নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ঘটনার পর ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে তিনি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৮ জুন) সকালে সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় ডা. এবিএম শহিদুজ্জামানের বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ রিয়া মনি (২১)-এর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে রনি ইসলাম ও তার স্ত্রী রিয়া মনি ওই বাসায় ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পেশায় টাইলস কন্ট্রাক্টর রনি ইসলাম গত ৭ জুন ঘোষিত সাভার পৌর ছাত্রদলের কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ লাভ করেন। অভিযোগ রয়েছে, পদ পাওয়ার পরদিন সকালে তিনি তার স্ত্রীকে হত্যা করে মরদেহ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর রনি ইসলাম নিজেই পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানান এবং পুলিশকে খবর দিতে বলেন। পরে পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে তালা ভেঙে ঘরে প্রবেশ করে রিয়া মনির মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত রনি ইসলাম পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, “রনির পরিবারের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ঘরের ভেতরে ছিল এবং বাইরে থেকে দরজায় তালা লাগানো ছিল। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন