মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি মারাত্মক অভিশাপ উল্লেখ করে এমটিভি বাংলার পরিচালক মোস্তফা কামাল সুমন বলেছেন, “মাদক বিক্রেতারা খুনির চেয়েও ভয়ংকর। একজন খুনি একটি জীবন কেড়ে নেয়, কিন্তু মাদক ব্যবসায়ীরা একসঙ্গে বহু জীবন, পরিবার ও ভবিষ্যৎ ধ্বংস করে।”
তিনি বলেন, মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে, পরিবারে অশান্তি বাড়ছে এবং সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করছে। পাশাপাশি মাদকের টাকার লোভে প্রতিদিনই সমাজে খুন-খারাবি, ছিনতাই ও বিভিন্ন ধরনের সহিংস অপরাধ ঘটছে। এমনকি কিছু ক্ষেত্রে আপন পিতা-মাতার ওপর হামলা ও হত্যার মতো নির্মম ঘটনাও ঘটছে, যা সমাজকে আরও গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
মোস্তফা কামাল সুমন আরও বলেন, মাদক শুধু একটি ব্যক্তি-নির্ভর সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি, যা ধীরে ধীরে পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তিনি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি জোর দিয়ে বলেন, “পাড়া-মহল্লায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই সামাজিক প্রশ্রয় দেওয়া যাবে না। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।”

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ । ২:১২ পূর্বাহ্ণ