কক্সবাজারের চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার ১নং এজাহারনামীয় প্রধান আসামি রামু থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আবুল কাশেম : রামু প্রতিনিধি।
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ । ১২:১৮ অপরাহ্ণ

কক্সবাজার সদর থানাধীন পাহাড়তলী এলাকায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ও অত্যন্ত চাঞ্চল্যকর আসিফ ও হৃদয় ‘জোড়া হত্যাকাণ্ড’ এর ১নং এজাহারনামীয় প্রধান পলাতক আসামি জিয়াউর রহমান জিয়া (৩৫)-কে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। অদ্য ০৮ জুন ২০২৬ খ্রিঃ রাত ০২:৫০ ঘটিকায় কক্সবাজার জেলার রামু থানাধীন উখিয়ার ঘোনা (গনিয়া কাটা) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ০২ জুন ২০২৬ খ্রিঃ আনুমানিক রাত ২৩:০০ ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন পৌরসভার পাহাড়তলী (০৭নং ওয়ার্ড, ইসলামপুর) এলাকায় আসিফ ও হৃদয় নামের দুই যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। এই নৃশংস জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর পরই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। উক্ত ঘটনায় নিহত আসিফের পিতা মোঃ ইসমাইল বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ: ০৫-০৬-২০২৬ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০)।

নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের আইনের আওতায় আনতে র‌্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে যে, মামলার প্রধান আসামি কক্সবাজারের রামু থানাধীন দুর্গম এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৮ জুন ২০২৬ খ্রিঃ রাত ০২:৫০ ঘটিকায় রামু থানাধীন কাউয়ার খোপ ইউনিয়ন উখিয়ার ঘোনা, গনিয়া কাটা এলাকায় র‌্যাব-১৫ এর একটি বিশেষ টিম সফল অভিযান পরিচালনা করে ১নং এজাহারভুক্ত আসামি জিয়াউর রহমান জিয়া (৩৫)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়: জিয়াউর রহমান জিয়া (৩৫), পিতা-মৃত নজির আহমেদ, সাং-পাহাড়তলী (ইসলামপুর, ০৭নং ওয়ার্ড), পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জিয়া নিজেকে আড়াল করতে রামু থানাধীন পাহাড়ি এলাকায় আত্মগোপন করেছিল বলে স্বীকার করে। তার অপরাধের ইতিহাস (পিসিপিআর) যাচাই করে দেখা যায়, সে একজন পেশাদার ও দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় এই জোড়া খুন ছাড়াও পূর্বের আরও ২টি হত্যা মামলা এবং ১টি মাদক মামলাসহ মোট ০৮টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উদ্ধারকৃত আলামতসহ তাকে কক্সবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন