ঢাকা জেলায় ডিবির পৃথক পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ । ৪:০১ অপরাহ্ণ

ঢাকা জেলার ধামরাই ও সাভার এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ পুড়িয়া হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এসব অভিযানে মোট ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়।

৮ জুন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ধামরাই থানার খোলামোড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে কৃষ্ণ চন্দ্র মনি দাস (৫৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং ২৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৭ হাজার ৫০০ টাকা।

একই দিন রাত ৯টা ৫ মিনিটে সাভার মডেল থানার শোভাপুর এলাকায় অভিযান চালিয়ে শাহাজাহান ওরফে শারজাহান (২৯) এবং মো. আরিফ (২২)-কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

রাত ৯টা ৩০ মিনিটে ধামরাই থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আবু তাহের (২৭)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পরে ৯ জুন ভোর ৩টা ৩০ মিনিটে ধামরাই থানার ঘোড়াকান্দা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মো. মনির হোসেন (৪০)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কৃষ্ণ চন্দ্র মনি দাসের বিরুদ্ধে ২টি মাদক মামলা, আবু তাহেরের বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং মনির হোসেনের বিরুদ্ধে ৬টি মাদক মামলা পূর্ব থেকে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট অপরাধ নির্মূলে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন