দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা সহ আটক ৪

আল রোকন দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ । ৪:৩৪ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক পুলিশি অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠনের এক নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বুধবার (১০ জুন) ও বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ বারীর নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ শ্রমিক লীগের দাউদকান্দি উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন (৩৯)। তাকে দাউদকান্দি বাজার সংলগ্ন রিফাত পৌর পার্ক এলাকা থেকে আটক করা হয়।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ তাছলিমা বেগম ওরফে রোজিনা (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে।

অভিযানের আরেক অংশে গৌরীপুর বাজার এলাকা থেকে চুরি মামলার আসামি মোঃ তুহিন (২০) এবং জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাজিম উদ্দিন নিজাম (২০)-কে গ্রেফতার করা হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন