গাইবান্ধায় বৃহত্তম রাম মূর্তি নির্মাণ কার্যক্রম স্থগিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ । ১১:০৫ অপরাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ীতে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে বিশ্বের বৃহত্তম শ্রীরাম মূর্তি নির্মাণের কাজ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মন্দিরের উপদেষ্টা শ্রী শ্যামল কুমার মহন্ত।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সেই সম্প্রীতি অটুট রাখার স্বার্থেই শ্রীরাম মূর্তি নির্মাণের কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্দিরের অন্যান্য ধর্মীয় ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক নিয়মেই পরিচালিত হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, সম্প্রতি মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরনী দাসের অতীত কর্মকাণ্ড এবং অর্থের উৎস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ প্রেক্ষাপটে ইমাম উলামা পরিষদ রাম মূর্তি নির্মাণ প্রকল্প বন্ধের দাবি জানিয়ে আন্দোলনের ডাক দেয়। পাশাপাশি প্রকল্পে বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়ন রয়েছে কি না, সে বিষয়েও তদন্তের দাবি জানানো হয়।

এসব পরিস্থিতির মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা উল্লেখ করে মন্দির কর্তৃপক্ষ মূর্তি নির্মাণের কাজ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিল।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন