আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ । ১১:২৭ অপরাহ্ণ

ঢাকা, ১১ জুন: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশবাসীর মতো তিনিও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, এমন একটি ঘটনার প্রেক্ষিতে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা সঠিক সিদ্ধান্ত হয়নি।

জামায়াত আমিরের ভাষ্য, কোনো প্রতিষ্ঠানে অবহেলা, ত্রুটি বা অপরাধ সংঘটিত হলে তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ না করে একটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা যৌক্তিক নয়।

তিনি আরও বলেন, ‘গরিবের হাসপাতাল’ হিসেবে পরিচিত আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করেছে। এমন একটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের ফলে শেষ পর্যন্ত সাধারণ মানুষেরই ক্ষতি হবে।

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, আদ্-দ্বীন হাসপাতাল একটি মেডিকেল কলেজ হাসপাতালও। সেখানে প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করছে। পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

পোস্টের শেষাংশে তিনি শিক্ষার্থী ও জনগণের স্বার্থ বিবেচনায় সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, তবে লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন